
দেশের যেকোনো নাগরিক নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে নির্বাচন কমিশন (ইসি) তা জানাতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট দলের সম্মতি লাগবে না ইসির।
ছয়জন বিশিষ্ট নাগরিকের করা একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
পরে রিট আবেদনকারীদের একজন আইনজীবী শরীফ ভুঁইয়া সাংবাদিকদের বলেন, এ রায়ের ফলে নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাওয়ার পথ প্রশস্ত হলো।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, ‘আদালতের রায়ের প্রতি সব সময় আমরা শ্রদ্ধাশীল। কোনো দুরভিসন্ধি নিয়ে আমরা আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিই না। নির্বাচন কমিশন কী করবে, সেটা তাদের বিষয়।’
রাজনৈতিক দলে স্বচ্ছতা ও দলের হিসাব মানুষের জন্য উন্মুক্ত থাকা উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রথম আলোকে বলেন, ‘সবকিছুতে স্বচ্ছতা থাকলে কোনো চিন্তা ছিল না। অন্য কোথাও স্বচ্ছতা না রেখে শুধু রাজনৈতিক দলে স্বচ্ছতা আনলে কত দূর কার্যকর হবে, তা জানি না।’
আদালতে রিট আবেদনটি করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, এ এস এম শাহজাহান, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুসারে দলগুলোকে নিয়মিত তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব (নিরীক্ষা প্রতিবেদন) ইসিতে দাখিল করতে হয়। ২০১৩ সালের ১২ জুন বদিউল আলম মজুমদার তথ্য অধিকার আইনে ইসির কাছে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের সবগুলো প্রতিবেদনের অনুলিপি চান।
কিন্তু ইসি ওই তথ্য দিতে অস্বীকৃতি জানায়। ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বদিউল আলম মজুমদারকে বলেছিলেন, রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ইসির নিজস্ব তথ্য নয়। তাই সংশ্লিষ্ট দলের মতামত ছাড়া ওই তথ্য দেওয়া সম্ভব নয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসি সচিবের কাছে আপিল করেও একই ফল পান বদিউল আলম। এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি তথ্য কমিশনে আপিল করেন। কিন্তু সেখানেও ফল পরিবর্তন হয়নি।
পরে আরও কয়েক দফায় প্রথমে ইসিতে ও পরে তথ্য কমিশনে আবেদন করেন বদিউল আলম। ২০১৪ সালের ২৩ জুলাই তথ্য কমিশনের সর্বশেষ চিঠিতেও সম্মতি ছাড়া তৃতীয় পক্ষের তথ্য না দিতে ইসির সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এরপর বদিউল আলমসহ ছয়জন বিশিষ্ট নাগরিক তথ্য কমিশনের ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণার আরজি জানিয়ে গত বছরের জানুয়ারিতে হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৮ জানুয়ারি হাইকোর্ট রুল দেন। নিবন্ধিত দলগুলোর দাখিল করা বার্ষিক আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দলের সম্মতি ছাড়া দিতে না চাওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ইসি ও তথ্য কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়। এরপর ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় ঘোষণা করা হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম প্রথম আলোকে বলেন, আদালত কিছু পর্যবেক্ষণসহ রুল মঞ্জুর (অ্যাবসলিউট) করেছেন। ফলে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করতে ইসির আর সংশ্লিষ্ট দলের সম্মতির দরকার নেই। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে আদালতের পর্যবেক্ষণগুলো জানা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘আদালতে কী রায় হয়েছে, তা আমি এখনো জানি না। রায়ের কপি পেলে তারপর এ নিয়ে বক্তব্য দিতে পারব।’
হাইকোর্টের এই রায়কে ‘যুগান্তকারী’ উল্লেখ করে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, এর ফলে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হলো, সংবাদকর্মী ও নাগরিকদের জন্য তথ্যপ্রবাহ উন্মুক্ত হলো। এই রায়ের মাধ্যমে যেকোনো সরকারি দপ্তর থেকে তথ্যপ্রবাহ (কিছু ব্যতিক্রম ছাড়া) উন্মুক্ত এবং তথ্য পেতে গুরুত্বপূর্ণ বাধা দূর হয়েছে।